ভিডিও গ্যালারী

বিয়ের পরও লুকোচুরি খেলছেন রানী-আদিত্য

রানী-আদিত্যরানী-আদিত্যবছরের পর বছর ধরে প্রেম নিয়ে লুকোচুরির পর অবশেষে গত ২১ এপ্রিল রাতে ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলিউডের বহুল আলোচিত তারকা-নির্মাতা জুটি রানী মুখার্জি ও আদিত্য চোপড়া। বেশির ভাগ বন্ধু, সহকর্মী ও আত্মীয়স্বজনকে না জানিয়ে হুট করেই অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন রানী-আদিত্য। প্রেম ও বিয়ে নিয়ে নজিরবিহীন লুকোচুরির পর এখনো তাঁদের সেই লুকোচুরি খেলা শেষ হচ্ছে না। ইতালি থেকে মুম্বাই ফিরলেও এখন পর্যন্ত জনসমক্ষে আসেনি এ নবদম্পতি।
বিয়ের পর ‘চোরি চোরি চুপকে চুপকে’ তারকা রানীকে নিয়ে মুম্বাইয়ে নিজের বাংলোতে উঠেছেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির নির্মাতা আদিত্য চোপড়া। বাংলোকে রীতিমতো দুর্গই বানিয়ে ফেলেছেন আদিত্য। বাংলোর নিরাপত্তাব্যবস্থা এত বেশি জোরদার করা হয়েছে যে ভেতরের কোনো কিছুই জানতে পারছে না কেউ। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে মিড-ডে ডটকম।

রানী-আদিত্যর দেশে ফেরার খবর জানার পর থেকেই তাঁদের বাড়ির আশপাশে ওত পেতে আছেন আলোকচিত্রীরা। উদ্দেশ্য—যে করেই হোক নতুন দম্পতিকে ক্যামেরাবন্দী করা। কিন্তু কোনো অবস্থাতেই আলোকচিত্রীরা যেন সেই সুযোগ না পান, তার সব বন্দোবস্তই করে রেখেছেন আদিত্য।

এ প্রসঙ্গে একজন আলোকচিত্রীর ভাষ্য, ‘আমি নিয়মিতই চোপড়া বাংলো রেকি করছি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এমনিতেই পুরো বাংলোর চারপাশ উঁচু দেয়াল দিয়ে ঘেরা। সেই দেয়ালের ওপর আবার দুই ফুট উচ্চতার সাদা পর্দা জুড়ে দেওয়া হয়েছে, যাতে করে বাংলোর ভেতরে কী হচ্ছে কোনোভাবেই তা বাইরে থেকে দেখা না যায়।’

রানী-আদিত্য দেশে ফেরার পর ঘটা করে বিয়ের উত্সব উদযাপন করবেন বলেই জানিয়েছিলেন তাঁদের আত্মীয়-স্বজনেরা। কিন্তু এখন পর্যন্ত রানী বা আদিত্যর পক্ষ থেকে কোনো কিছুই নিশ্চিত করা হয়নি। এমনকি তাঁদের বাংলোতে বিয়ের উত্সব আয়োজনের কোনো প্রস্তুতিও এখন পর্যন্ত চোখে পড়েনি।

প্রসঙ্গত, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইতালিতে ২১ এপ্রিল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলিউডের বহুল আলোচিত প্রেমিকযুগল রানী মুখার্জি ও আদিত্য চোপড়া। এক বিবৃতির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করে যশরাজ ফিল্মস কর্তৃপক্ষ। রানী নিজেও এক সংবাদ বিবৃতির মাধ্যমে তাঁর ভক্তদের নিজের বিয়ের খবর জানান।

যশরাজ ফিল্মসের বিবৃতিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, মিস্টার আদিত্য চোপড়া এবং মিস রানী মুখার্জি ২১ এপ্রিল রাতে ইতালিতে বিয়ে করেছেন। তাঁদের পরিবারের সদস্য ও কাছের বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে অনাড়ম্বর ও ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’রানী-আদিত্য

অন্যদিকে সংবাদ বিবৃতির মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন ‘বিয়ের ফুল’খ্যাত বাঙালি বংশোদ্ভূত বলিউডের তারকা অভিনেত্রী রানী মুখার্জি। রানী তাঁর বিবৃতিতে লেখেন, ‘ইতালিতে চমত্কার এক অনুষ্ঠানের মাধ্যমে আমি আর আদি (আদিত্য চোপড়া) বিয়ে করেছি। আমাদের পরিবারের সদস্য ও কাছের কয়েকজন বন্ধু-বান্ধব বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভক্তদের সঙ্গে আমার জীবনের সবচেয়ে খুশির দিনটির আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। আমার জীবনের যাত্রায় সব সময় তাঁদের ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি। আমি খুব ভালো করেই জানি, আমার শুভাকাঙ্ক্ষীরা বিশেষ এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আমি এও জানি, আমার বিয়ের খবর পেয়ে তাঁরা আমার জন্য অনেক বেশি আনন্দিত হবেন।’

নিজের জীবনকে রূপকথার গল্পের সঙ্গে তুলনা করে রানী আরও লেখেন, ‘শিশুকালে রূপকথার গল্পগুলো সত্য বলেই মনে হতো আমার কাছে। ঈশ্বরের কৃপায় রূপকথার গল্পের মতোই একটি জীবন আমি পেয়েছি। বিয়ের মধ্য দিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করলাম। আশা করছি, সামনের দিনগুলোতেও রূপকথার গল্পের মতোই আমার জীবনপ্রবাহ চলতে থাকবে।’

আদিত্যর প্রথম স্ত্রী পায়েল খান্না। ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। সেই থেকে রানী-আদিত্যর প্রেম নিয়ে নানা কানা-ঘুষা চলেছে বলিউডে। বছরের পর বছর ধরে প্রেম করলেও, কখনোই তা মুখে স্বীকার করেননি রানী-আদিত্য। বরাবরই নিজেদের প্রেমের সম্পর্ককে গোপন রেখেছেন তাঁরা। বিশেষ করে আদিত্য তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে একদমই রাজি ছিলেন না। কারণ বিষয়টি রীতিমতো অস্বস্তিকর তাঁর কাছে। কিন্তু তার পরও বিভিন্ন সময়ে এ জুটির হাঁড়ির খবর ফাঁস করেছে মিডিয়া।

রানীর অনামিকায় বিশাল একটি হীরার আংটি দেখা যাওয়ার পর চলতি বছরের শুরুর দিকে আদিত্যর সঙ্গে তাঁর বাগদানের খবর চাউর হয়। শুধু তাই নয়, ১০ ফেব্রুয়ারি যোধপুরের উমাইদ ভবন প্রাসাদে তাঁরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলেও খবর রটেছিল।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হলেও গত জানুয়ারি মাস থেকে এক ছাদের নীচেই বসবাস করছিলেন রানী ও আদিত্য। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, প্রিয়তমার কাছ থেকে একমুহূর্তও দূরে থাকতে চান না আদিত্য। এ জন্য তিনি জুহুতে রানীর বাংলোয় উঠেছেন। সেখানে এক ছাদের নিচেই বসবাস করছেন তাঁরা।

প্রেম-বিয়ে নিয়ে এমন নজিরবিহীন লুকোচুরি খেলার পর অনেকের মনেই প্রশ্ন, আদৌ রানী-আদিত্য দম্পতিকে জনসমক্ষে দেখা যাবে কি না! কিংবা রানী-আদিত্যর বিয়ের ছবি দেখার সৌভাগ্য কারও হবে কি না! কারণ কোনো অবস্থাতেই মিডিয়ার মুখোমুখি হতে চান না আদিত্য। বহুবার এর প্রমাণ তিনি দিয়েছেন। বলিউডে অনেকেই তাঁকে নিয়ে মজা করে মন্তব্য করেছেন, বাস্তবে কি আদিত্য চোপড়ার অস্তিত্ব আছে!
ছবির উদ্বোধনী প্রদর্শনী, অ্যাওয়ার্ড অনুষ্ঠান কিংবা সামাজিক অনুষ্ঠানে কখনোই দেখা যায় না আদিত্যকে। একবার একটি প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় আদিত্যর পিছু নিয়েছিলেন আলোকচিত্রীরা। তখন দৌড়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। গত দুই দশকে বিভিন্ন সংবাদমাধ্যমে ঘুরে-ফিরে আদিত্যর মাত্র চারটি ছবি প্রকাশিত হয়েছে। একটি ছবি ১৯৯৫ সালে তোলা। বেশ কয়েক বছর পর তাঁকে ক্যামেরাবন্দী করা হয়েছিল একটি প্রেক্ষাগৃহের বাইরে। এ ছাড়া ২০১২ সালের জানুয়ারিতে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে রানী ও পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকে ক্যামেরাবন্দী করতে পেরেছিলেন আলোকচিত্রীরা। একই বছরের শেষের দিকে রানীর বাংলোয় আয়োজিত দিওয়ালি অনুষ্ঠানে আদিত্যর ছবি তোলা হয়েছিল।

সেল ফোন ক্যামেরার যুগে নিজেকে এভাবে আড়ালে রাখতে পেরে ভালোই মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন আদিত্য। কারণ বলিউডের নির্মাতা কিংবা তারকাদের পেছনে সবসময় লেগে থাকেন আলোকচিত্রীরা। ভক্ত-দর্শকরাও সুযোগ পেলেই তাঁদের সেলফোনে পছন্দের তারকা কিংবা নির্মাতার ছবি তুলতে ভুল করেন না। আর বলিউডের তারকা-নির্মাতারা কিছু একটা করলেই তা নিয়ে ফলাও করে খবর প্রকাশিত হয়। বিয়ের পরও রানী-আদিত্যর লুকোচুরি খেলা কবে শেষ হয় সেটাই এখন দেখার বিষয়।

সম্পর্কিত সংবাদ

No comments:

Leave a Reply