ভিডিও গ্যালারী

বিশেষ সহকারীর পদ থেকে হানিফকে অব্যাহতি

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রথম আলো ডটকমকে জানান মন্ত্রণালয়টির সচিব আবদুস সোবহান সিকদার।

এ ব্যাপারে মাহবুব উল আলম হানিফ প্রথম আলো ডটকমকে জানান, ‘আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ লাভজনক। আর লাভজনক পদে থেকে নির্বাচনে যাওয়া যায় না। তাই আমি নিজেই পদত্যাগের জন্য আবেদন করেছিলাম। সেই হিসেবে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে এর আগে ৯ অক্টোবর আওয়ামী লীগের তৃণমূল বৈঠকে হানিফ এই পদটিকে ‘অলাভজনক’ বলে দাবি করেছিলেন।

৯ অক্টোবরের বৈঠকে হানিফের কিছু কর্মকাণ্ডে ‘ক্ষুব্ধ হয়ে’ প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগ করে জনপ্রিয়তা যাচাইয়ের কথা বলেছিলেন।

আওয়ামী লীগের কয়েকটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ায় হানিফের ওপর বিরক্ত ছিলেন। কেন এ কমিটি ভাঙা হলো, বিষয়টি হানিফের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে বিরক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
৯ অক্টোবর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতারা কুষ্টিয়া-২ আসন থেকে হানিফকে মনোনয়ন দেওয়ার জন্য শেখ হাসিনার কাছে দাবি জানান। তাঁরা বলেন, হানিফের নেতৃত্বে কুষ্টিয়ায় আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। তৃণমূল নেতাদের কেউ কেউ বলেন, এ আসনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু স্বতন্ত্র প্রার্থী হলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। এ আসনে হানিফ একমাত্র জনপ্রিয় প্রার্থী।
তখন শেখ হাসিনা বলেন, আরপিও (গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ) অনুযায়ী হানিফ নির্বাচন করতে পারবেন না। কারণ, তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্বে আছেন। জবাবে হানিফ বলেন, তিনি নির্বাচন কমিশন থেকে জানতে পেরেছেন পদটি লাভজনক নয়। তাঁর নির্বাচন করতে কোনো সমস্যা নেই। শেখ হাসিনা হানিফকে বলেন, ‘তোমাকে আমি এখানে এনেছি। পদত্যাগ করে নির্বাচন করে দেখ, তুমি কয়টা ভোট পাও।’ জবাবে হানিফ বলেন, ‘ঠিক আছে, আমি পদত্যাগ করব।’ শেখ হাসিনা তত্ক্ষণাত্ বলেন, ‘তুমি পদত্যাগ কর।’ এ ঘটনার পর হানিফকে গণভবনে অনুষ্ঠিত বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা যায়নি। ধারণা করা হচ্ছিল, যেকোনো সময় তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এরপর আজই জনপ্রশাসন মন্ত্রণালয় মাহবুব উল আলম হানিফকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে অব্যাহতি দেয়।

সম্পর্কিত সংবাদ

No comments:

Leave a Reply